কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পরিচালিত ‘KTC Today Media’ নামক ফেসবুক পেইজে গতকাল (২৩ জুন ২০২৬) রুমা উপজেলার ৩ নং রেমাক্রি প্রাংশা ইউনিয়নের সুসং পাড়া এলাকা থেকে দুইজন নিরীহ গ্রামবাসীকে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারের বানোয়াট ও ভিত্তিহীন খবর প্রচার করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী সূত্র।
রুমা জোন ও আলীকদম জোনের আওতাধীন সংশ্লিষ্ট সেনা ক্যাম্পসমূহ (সুসংপাড়া সেনা ক্যাম্পসহ) এবং পাড়া এলাকায় বিশ্বস্ত স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে নিশ্চিত করা গেছে যে, ২৩ জুন তারিখে সুসং পাড়া বা আশপাশের এলাকায় সেনাবাহিনী কর্তৃক কোনো ব্যক্তিকে আটক করা হয়নি। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
কেএনএফের ধারাবাহিক মিথ্যাচারের ধরন-
সম্প্রতি কেএনএফ তাদের বিভিন্ন মিডিয়া পেইজের মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
- ৯ জুন রুমা জোনের উপ-অধিনায়কের নামে মিথ্যা খবর।
- ১১ জুন রুমা জোন কমান্ডারের নামে মিথ্যাচার।
- ২২ জুন রুমা পাইন্দু ইউপির মূননুয়াম পাড়াসহ আশপাশের এলাকায় চলাচলের নিষেধাজ্ঞার ভুয়া খবর।
পলাতক বম পরিবার ফেরত আসার আশঙ্কায় ভীতি ছড়ানোর অপচেষ্টা
সূত্রমতে, বিগত দিনে সেনা অভিযানের ভয়ে রুমা উপজেলার অনেক বম পরিবার মিজোরামে পালিয়ে গিয়েছিল। বর্তমানে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর আহ্বানে অনেক পরিবার ইতিমধ্যে দেশে ফিরে এসেছে এবং আরও অনেকে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে।
এই পরিস্থিতিতে কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ বম জনগোষ্ঠীর মনে সেনাবাহিনী সম্পর্কে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে মিজোরাম থেকে আর কাউকে দেশে ফিরতে না দেয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সুসং পাড়ার ঘটনা এই একই ধারাবাহিক অপপ্রচারের অংশ।
স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী রুমা উপজেলাসহ পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনগণকে এ ধরনের গুজব ও মিথ্যা তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
যেকোনো সত্য তথ্য জানতে আগ্রহী ব্যক্তি বা গ্রামবাসী সরাসরি নিকটস্থ সেনা ক্যাম্প বা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারবেন।
