Home » গুজব-অপপ্রচার রোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

গুজব-অপপ্রচার রোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সমন্বয়ের আহ্বান

by indissentnews

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: গুজব ও অপপ্রচার নিয়ন্ত্রণসহ একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়া হাউজের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত রাজধানীতে আয়োজিত এ সভায় দেশের ২৩টি টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিষ্ঠানের সিইও, হেড অব নিউজ এবং মাল্টিমিডিয়া ইনচার্জরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই)–এর মিডিয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দায়িত্বশীল প্রচারের ওপর গুরুত্ব

সভায় অংশগ্রহণকারীরা একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে—এমন গুজব বা অপতথ্য নিয়ন্ত্রণে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে সহিংসতা বা হানাহানি উসকে দিতে পারে—এমন সংবাদ প্রচারের ক্ষেত্রে অধিকতর সতর্কতা ও তথ্য যাচাই নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো দুর্বলতা কিংবা নিরাপত্তাজনিত হুমকির বিষয় নজরে এলে তা দ্রুত উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধও জানানো হয়।

নিরাপত্তা ব্যবস্থার চিত্র

সভায় নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন ব্যবস্থার কথাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—

  • সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
  • দুই-তৃতীয়াংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
  • আইনশৃঙ্খলা বাহিনীর বডি-অন ক্যামেরা ব্যবহার
  • সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোনসহ ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ
  • ‘সুরক্ষা’ অ্যাপের ব্যবহার
  • পূর্ববর্তী নির্বাচনগুলোতে পরিলক্ষিত দুর্বলতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিক সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফল ঘোষণায় বিলম্ব নিয়ে শঙ্কা

সভায় অংশগ্রহণকারীরা জানান, নির্বাচন কমিশন–এর গৃহীত পদক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি, বাহিনী প্রধানদের প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের ফলে সামগ্রিক অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে।

তবে নির্বাচনী ফলাফল ঘোষণায় অনাকাঙ্ক্ষিত বিলম্ব হলে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, সংশ্লিষ্টদের অনুরোধেই মূলত এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


Related Articles

Leave a Comment